মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিশ্ববাসীকে হুঁশিয়ার করল ইরান

তেহরান, ২৮ আগস্ট – যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বিশ্ববাসীকে সতর্ক করেছে ইরান। তেহরান জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করা প্রতিটি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। কোনো দেশ যদি এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়তা করে তবে তারা যুক্তরাষ্ট্রের সমান অপরাধী বলে বিবেচিত হবে।
গত শুক্রবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কবার্তা প্রদান করে। মন্ত্রণালয়টি জানায়, মার্কিন এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং একে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
ইরানের দাবি, এই বিধিনিষেধের ফলে দেশটির কয়েক কোটি মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যসেবা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়ে ইরান হুশিয়ারি দিয়েছে যে, তারা মার্কিন অর্থনৈতিক ও সামরিক আঘাত মোকাবিলায় সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে।
উল্লেখ্য যে, গত সপ্তাহে ইরানের ওপর ইতিহাসের কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে ওয়াশিংটন।
এনএন/ ২৮ আগস্ট ২০২৬









