নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

তেহরান, ৪ এপ্রিল – ইরানের হামলায় ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে দেশটিতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের কমান্ডোরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, শুক্রবার রাতে মার্কিন সেনারা ইরানে প্রবেশ করে।
এর আগে শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। বিমানটিতে দুজন ক্রু ছিলেন, যাঁদের একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অভিযানের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই উদ্ধার অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি চালায় ইরানের পুলিশ। এতে হেলিকপ্টারটির পেছনের অংশে আগুন ধরে যায় এবং ধোঁয়া বের হতে থাকে। তবে শেষ পর্যন্ত হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স যখন তাদের নিখোঁজ পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই তাঁকে আটকের জন্য পাল্টা অভিযান শুরু করেছে ইরানি মিলিশিয়ারা। এখন পর্যন্ত ওই পাইলটের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেওয়া হয়েছে, মার্কিন বিমানবাহিনীর এই পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় আটক করতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। একই দিন এফ-১৫ ছাড়াও যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানও ভূপাতিত করেছে ইরানি বাহিনী। বিমানটি হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে আছড়ে পড়ে। সাধারণত খুব কাছ থেকে নিখুঁত হামলা চালানোর জন্য এই মডেলের যুদ্ধবিমান ব্যবহার করা হয়ে থাকে।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬









