চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পতন, আহত ১

চট্টগ্রাম, ৩ এপ্রিল – চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের বোয়ালখালী অংশে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে পড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাক থেকে লাফ দেওয়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, উদ্ধার হওয়া ব্যক্তিটি ট্রাকের চালক।

এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালেও বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কারও সন্ধান পাননি।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে ডুবে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটেছিল। সেই ঘটনার মাত্র আট দিনের মাথায় কর্ণফুলী নদীতে এই ট্রাকডুবির ঘটনা ঘটল।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language