ম্যাক্রোঁকে ব্যক্তিগত আক্রমণ ট্রাম্পের, স্ত্রীর ঘুষি নিয়ে কটাক্ষ

ওয়াশিংটন, ২ এপ্রিল – ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনায় সাড়া দেয়নি ন্যাটো জোটভুক্ত ইউরোপীয় দেশগুলো। উল্টো তারা এই যুদ্ধের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে। ইউরোপীয় নেতাদের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিষয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
এমন পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করে বসেছেন ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজের একটি ব্যক্তিগত নৈশভোজের ফাঁস হওয়া ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, তিনি ম্যাক্রোঁকে ফোন করেছিলেন, যার স্ত্রী তার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন। ট্রাম্প দাবি করেন, স্ত্রীর হাতে চোয়ালে খাওয়া ঘুষির ধাক্কা ম্যাক্রোঁ এখনো সামলে উঠতে পারেননি।
ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওটি শনাক্ত হওয়ার পরপরই ব্লক করে দেওয়া হয়।
এদিকে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মে মাসে ভিয়েতনাম সফরের সময় একটি ঘটনা ঘটে। ওই সফরে ম্যাক্রোঁর সঙ্গে ছিলেন তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁ। বিমান অবতরণের পর দরজা খোলা হলে ব্রিজিটকে তার স্বামীর মুখে সজোরে ধাক্কা বা ঘুষি মারতে দেখা যায় বলে দাবি করা হয়, যা বার্তাসংস্থা এপির ক্যামেরায় ধরা পড়ে।
তবে ম্যাক্রোঁ এই ঘটনা অস্বীকার করে জানিয়েছেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালাতেই এমন ভিডিও ছড়ানো হয়েছে।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









