মধ্যপ্রাচ্য

মার্কিন জনগণের উদ্দেশে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের খোলা চিঠি

তেহরান, ২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

চিঠিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান কখনো আগে থেকে কোনো যুদ্ধের সূচনা করেনি। তবে যারা দেশটির ওপর আক্রমণ চালিয়েছে, তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়েছে।

বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে এই বিশেষ চিঠিটি প্রকাশিত হয়।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বার্তায় উল্লেখ করেন যে ইরান তার সত্তা ও পরিচয়ের দিক থেকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা। তিনি দাবি করেন যে ইরানকে বহির্বিশ্বের কাছে একটি হুমকি হিসেবে চিত্রায়িত করার পেছনে মূলত বিভিন্ন মহলের স্বার্থ কাজ করছে।

ইরানকে হুমকি হিসেবে দেখানোর বিষয়টি ঐতিহাসিক বা দৃশ্যমান বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয় বলে তিনি মন্তব্য করেন।

তার মতে এ ধরনের ধারণা মূলত ক্ষমতাধর দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ফসল। নিজেদের চাপ সৃষ্টিকে বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজারগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য একটি কৃত্রিম শত্রু তৈরির প্রয়োজন থেকেই এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

চিঠির শেষাংশে তিনি সতর্ক করে বলেন যে ইরানের বিদ্যুৎ জ্বালানি শিল্পসহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো এবং সাধারণ জনগণের ওপর যেকোনো ধরনের হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী সুস্পষ্ট যুদ্ধাপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের নেতিবাচক পরিণতি শুধু ইরান কিংবা মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তা বিশ্বব্যাপী আরও বহুদূর ছড়িয়ে পড়বে।

এনএন/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language