সম্প্রীতির জাতি গঠনে জোর দিলেন মির্জা ফখরুল

ঢাকা, ৩১ মার্চ – বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং অপরিচিত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশ্বে চলমান যুদ্ধ, হত্যা ও সংঘাতের বিপরীতে বাংলাদেশে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের মাধ্যমে একটি রেইনবো নেশন বা সম্প্রীতির জাতি গঠন করার ওপর জোর দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তাদের উন্নয়নের জন্য আলাদা তহবিল গঠন করার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। এর বাইরেও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনা জামানতে এবং স্বল্প বা বিনা সুদে ঋণ প্রদানের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে উদ্যোগ নেওয়া হবে।
পাশাপাশি তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে তিনি আশ্বাস দেন। এ জন্য সংশ্লিষ্ট নেতাদের যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের মানুষের মধ্যে সহজেই বিভক্ত হয়ে পড়ার একটি প্রবণতা রয়েছে।
তবে বর্তমানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের যেকোনো প্রয়োজনে দলের দরজা সব সময় খোলা থাকবে বলেও তিনি জানান। উক্ত মতবিনিময়সভায় এ বি এম আব্দুস সাত্তারসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ এম/ ৩১ মার্চ ২০২৬









