কুষ্টিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আওয়ামী লীগ নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়া, ৩০ মার্চ – কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম গুরুতর আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে।
জানা গেছে, শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে এবং তিনি স্থানীয়ভাবে তামাক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় শফিকুল ইসলাম সদরপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে বাইরে ডেকে নিয়ে যায়। তিনি বাইরে বের হওয়া মাত্রই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম জানান, শফিকুল ইসলামের ডান চোখ, বাম চোয়াল ও ওপরের পেটে গুলি লেগেছে। পেটের গুলি ভেতরের রক্তনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।
এনএন/ ৩০ মার্চ ২০২৬









