দেশের সব পেট্রোল পাম্প তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ঢাকা, ২৮ মার্চ – চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও সমন্বয় করার লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি পেট্রোল পাম্পের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে।
এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগের দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা বাদে অন্যান্য জেলা এবং বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এই নিয়োগ দেবেন। এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের নিজ নিজ অধিকারভুক্ত প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ প্রদান করবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ পরিচালনা করবেন এবং প্রতিদিনের কাজের প্রতিবেদন জমা দেবেন। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি পেট্রোল পাম্পের জন্য সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









