মধ্যপ্রাচ্য

ইরানে হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

রিয়াদ, ২৭ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্রতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বিষয়টি নিশ্চিত করেছে সৌদির একটি গোয়েন্দা সূত্র। একই সঙ্গে ইরান যুদ্ধে রিয়াদ সরাসরি যুক্ত হবে কি না তা নিয়েও চিন্তাভাবনা চলছে। সৌদির ওই গোয়েন্দা সূত্রের তথ্যমতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুদ্ধ মাঝপথে না থামানোর পক্ষে অবস্থান নিয়েছেন এবং হামলার মাত্রা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান যুদ্ধে প্রিন্স সালমানের সম্পৃক্ততার বিষয়টি একপ্রকার নিশ্চিত করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান যে প্রিন্স সালমান একজন যোদ্ধা এবং তিনি তাদের সঙ্গেই লড়াই করছেন। এদিকে সৌদির একজন বিশেষজ্ঞ জানিয়েছেন সরাসরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি রিয়াদ। তবে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে সরাসরি হামলায় অংশ নিতে পারে সৌদি আরব।

এর আগে গত ২৪ মার্চ মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল যে ইরানে হামলার তীব্রতা বাড়াতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছেন মোহাম্মদ বিন সালমান। তিনি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সংঘাতকে মধ্যপ্রাচ্য পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন। শুক্রবার দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সৌদির ওই গোয়েন্দা কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language