ব্রাহ্মণবাড়িয়া

আমার এলাকায় ওয়াজ-কীর্তনের পাশাপাশি বাউল গানও চলবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া, ২৭ মার্চ – ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার নির্বাচনী এলাকায় ওয়াজ এবং কীর্তনের পাশাপাশি বাউল গানের আয়োজনও অবাধে চলবে। মাজার সংস্কৃতি ও বাউল গানে কোনো ধরনের বাধা মেনে নেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গত বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহের আটান্নতম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করে আব্দুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বিগত আঠারো মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙা হয়েছে এবং বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউল শিল্পীদের হেনস্তা করে জেলে পাঠানোর ঘটনাও ঘটেছে। তিনি আরও উল্লেখ করেন, অন্য কোনো রাজনীতিক এসব ঘটনার প্রতিবাদ করেছেন কি না তা তার জানা নেই, তবে তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি মাজার ভাঙার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

সিলেটের একটি বাউল গানের আসরে ভাঙচুরের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি যতদিন এই এলাকার দায়িত্বে থাকবেন, ততদিন ওয়াজ এবং কীর্তনের মতো বাউল গানও নির্বিঘ্নে চলবে। বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি লালন করার ওপর গুরুত্বারোপ করে এই সংসদ সদস্য বলেন, নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি তুলে ধরা সবার দায়িত্ব। যারা বাউল গান ও মাজারের সাথে যুক্ত তারা এ দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেন তিনি।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language