কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০

কিশোরগঞ্জ, ২৭ মার্চ – কিশোরগঞ্জ ও ভৈরব আঞ্চলিক মহাসড়কের নান্দলা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের এই দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মিনহাজ এন্টারপ্রাইজ এবং বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অছিম পরিবহনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এতে উভয় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাসচালকসহ অনেক যাত্রী আটকা পড়েন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এদিকে এই দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ লাইন ও তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক জানান খবর পাওয়ার পর হাইওয়ে ও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে এবং বর্তমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

এনএন/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language