তেল নিয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জ, ২৭ মার্চ – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে জানিয়েছেন যে জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আগে একটি পাম্পে যে পরিমাণ তেল দুই দিন ব্যবহার করা যেত, তা এখন মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যাওয়ার বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।
সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আক্ষেপ করে বলেন যে চুরি ঠেকাতে তাকে পেট্রোল পাম্প ও ডিপো পাহারার ব্যবস্থা করতে হচ্ছে। তা সত্ত্বেও কিছু মানুষের নৈতিক অবক্ষয়ের কারণে চুরি থামানো যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হোসেন, সিভিল সার্জন নুরুল আমিন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এছাড়া অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মেছের আলী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, সদর উপজেলা ও কামারখন্দ উপজেলা কমান্ডের সাবেক নেতৃবৃন্দ এবং বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এনএন/ ২৭ মার্চ ২০২৬









