চট্টগ্রাম

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে গেল দুই বগি

চট্টগ্রাম, ২৬ মার্চ – চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রী এবং চালকরা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ভাটিয়ারী মিলিটারি অ্যাকাডেমি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে ১৮টি বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস সীতাকুণ্ড অতিক্রম করার সময় একটি এসি বগিতে হঠাৎ ধোঁয়া দেখতে পান যাত্রীরা। যাত্রীদের চিৎকারে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দিলে সবাই নেমে পড়েন।

মুহূর্তের মধ্যেই আগুন লেলিহান শিখায় রূপ নেয় এবং ইঞ্জিনেও ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত এগিয়ে আসেন মিলিটারি অ্যাকাডেমির সেনা সদস্য এবং স্থানীয় এলাকাবাসী। তারা যৌথভাবে দুর্ঘটনা কবলিত বগিগুলো থেকে ট্রেনের অন্যান্য বগি বিচ্ছিন্ন করে দেন, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেনা সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, রেলকর্মী এবং স্থানীয়দের প্রায় এক ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে উপস্থিত কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী জানান, এই অগ্নিকাণ্ডে ট্রেনের একটি এসি বগি ও পাওয়ার কারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বিকল্প লাইন থাকলেও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ রাখে।

এস এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language