ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে ইসরায়েলের গভীর উদ্বেগ

তেল আবিব, ২৫ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে যে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্বাস করেন ট্রাম্প যেকোনো চুক্তিতে ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেবেন। তবে সম্ভাব্য চুক্তির শর্তগুলো নিয়ে তেল আবিবের নীতিনির্ধারকদের মধ্যে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম জানিয়েছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। কিন্তু এর জন্য তিনি কতটা আপস করবেন, তা নিয়ে ইসরায়েলের শঙ্কা রয়েছে। ইসরায়েল আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার পরিকল্পনাটি সম্ভাব্য সমঝোতা চুক্তির ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এর আগে এক মাসের যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।
ইসরায়েলের প্রধান উদ্বেগের বিষয় হলো ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৫০ কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ। এই ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের কাছে দেওয়া হবে নাকি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাছে হস্তান্তর করা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও অমীমাংসিত ইস্যু রয়েছে।
ইরান ভবিষ্যতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরায়েলকে হুমকি দেবে না বা পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে না, এমন নিশ্চয়তা নিয়ে ইসরায়েল সন্দিহান। বর্তমানে ইসরায়েল এসব বিষয় গভীরভাবে বিশ্লেষণ করছে। তারা প্রত্যাশা করছে, কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগেই ইরানে আরও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে।
এনএন/ ২৫ মার্চ ২০২৬









