ক্রিকেট

পিএসএলে লাহোরের জার্সিতে মুস্তাফিজ হলেন ‘লাভজনক’ ও ইমন ‘ভাগ্যবান’

করাচী, ২৫ মার্চ – মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আফগানিস্তানের সাথে সীমান্ত উত্তেজনার কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের মাঝেই পাকিস্তানে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের একাদশ আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে অনুশীলনের সময় নিজেদের জার্সিতে নতুন ও ভিন্নধর্মী বিশেষণ পেয়েছেন এই দুই ক্রিকেটার। লাহোর কালান্দার্সের পক্ষ থেকে খেলোয়াড়দের অনুশীলন জার্সির পেছনে নামের বদলে অনুপ্রেরণামূলক শব্দ ব্যবহার করা হয়েছে।

পারভেজ হোসেন ইমনকে ভাগ্যবান এবং মুস্তাফিজুর রহমানকে লাভজনক হিসেবে আখ্যায়িত করেছে দলটি। একইভাবে দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির জার্সিতে ঈগল এবং জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার জার্সিতে কালান্দার্স কা সিকান্দার লেখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লাহোর ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি এই দুই ক্রিকেটারকে স্বাগত জানিয়ে তাদের দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশ সময় রাত আটটায় লাহোর কালান্দার্স হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

এবারের আসরটি পাকিস্তানের ছয়টি ভিন্ন ভেন্যুতে আয়োজনের কথা থাকলেও জ্বালানি সংকটের কারণে তা পরিবর্তন করে শুধুমাত্র লাহোর ও করাচিতে সীমাবদ্ধ করা হয়েছে। এমনকি ম্যাচগুলোতে মাঠে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না। মুস্তাফিজ ও ইমন ছাড়াও আরও চারজন বাংলাদেশি ক্রিকেটার এবারের পিএসএলে অংশ নিচ্ছেন। পেশোয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম। অন্যদিকে লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির হয়ে মাঠে নামবেন।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language