ঈদের ছুটিতে সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদে পর্যটকদের উপচে পড়া ভিড়

বাগেরহাট, ২৪ মার্চ – ঈদের টানা ছুটি উপলক্ষে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং ষাটগম্বুজ মসজিদসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেশি ও বিদেশি দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে। পাশাপাশি শরণখোলার বলেশ্বর রিভারভিউ পর্যটন কেন্দ্রেও পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া এই ছুটির কারণে পর্যটকদের এই চাপ বেড়েই চলেছে। সংশ্লিষ্টদের ধারণা আগামী শনিবার পর্যন্ত এসব পর্যটন স্পটে হাজার হাজার মানুষের আগমন অব্যাহত থাকবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ বন বিভাগ কোস্টগার্ড এবং নৌপুলিশ যৌথভাবে নিরলস কাজ করে যাচ্ছে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র হারবাড়িয়া আলীবান্দা শরণখোলা কটকা কচিখালী হিরণ পয়েন্ট টাইগার পয়েন্ট ত্রিকোন আইল্যান্ড ও দুবলাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন। সোমবার রাতে ৬৮টি ছোট ও বড় লঞ্চ এবং জাহাজে করে প্রায় তিন হাজার পর্যটক সুন্দরবনের অভ্যন্তরে রাত্রিযাপন করেন। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান পর্যটকদের এই বাড়তি চাপ সামাল দিতে বনরক্ষীদের ঈদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন নৌ দুর্ঘটনা প্রতিরোধ এবং বন্যপ্রাণী শিকার ও বিষ দিয়ে মাছ ধরা ঠেকাতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
এছাড়া বাগেরহাটের অন্যতম আকর্ষণ ষাটগম্বুজ মসজিদ এবং সংলগ্ন জাদুঘরেও পর্যটকদের প্রচুর উপস্থিতি লক্ষ্য করা গেছে। কাস্টোডিয়ান মো. জায়েদ আশা প্রকাশ করেন এবার দর্শনার্থীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। অপরদিকে শরণখোলার বরইতলার বলেশ্বর রিভারভিউ পর্যটন কেন্দ্রে প্রতিদিন বিকেলে নদীর ঢেউ নৌভ্রমণ সুন্দরবনের মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং বলেশ্বর নদের মোহনায় সূর্যাস্ত দেখতে মানুষের ভিড় বাড়ছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামিনুল হক বলেন বাগেরহাটের গুরুত্বপূর্ণ এই ট্যুরিস্ট স্পটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গত আট দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশি পর্যটকরাও আসছেন। প্রতিদিন এত সংখ্যক মানুষের ভিড় সামাল দেওয়া কঠিন হলেও পুলিশ পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় নিবেদিত রয়েছে।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









