মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দাবি নাকচ করল ইরান

ওয়াশিংটন, ২৪ মার্চ – যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো ধরনের আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই ধরনের বিবৃতি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে পরিত্রাণ পেতেই এই মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। অপর এক বার্তায় তিনি জানান, ইরান আগ্রাসনকারীদের পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি নিশ্চিত করতে চায়। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের সরকারি কর্মকর্তারা দেশের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছেন

। গালিবাফের এই বার্তার আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি পুরোপুরি অস্বীকার করেন। তিনি স্পষ্ট করেন যে, হরমুজ প্রণালি এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের পূর্ববর্তী অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনাকে বাগাই জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধ নিয়ে কয়েকটি বন্ধুভাবাপন্ন দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে। তবে এর জবাবে ইরান সতর্ক করে বলেছে, তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো হামলা হলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছিলেন যে, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে এবং ইরানই প্রথমে আলোচনার জন্য যোগাযোগ করেছিল। ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের জোরালো আলোচনা হয়েছে এবং উভয় পক্ষ প্রধান বিষয়গুলোতে একমত হয়েছে। তিনি আরও জানান, রোববার শুরু হওয়া আলোচনা সোমবারও চলবে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান একটি চুক্তি করতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্রও তা চায়। তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। ইরানের কোন নেতার সঙ্গে কথা হয়েছে তা উল্লেখ না করলেও তিনি জানান, আলোচনায় ইরানের একজন শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা যুক্ত ছিলেন। তবে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি বলে ট্রাম্প মন্তব্য করেন। এমনকি তিনি চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা হামলা অব্যাহত রাখারও হুমকি দিয়েছেন।

এস এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language