ইউরোপ

ইরানের জ্বালানি অবকাঠামোতে ৫ দিন হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের

মধ্যপ্রাচ্য, ২৩ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আগামী পাঁচ দিনের জন্য ইরানের জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, আগামী পাঁচ দিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের জ্বালানি স্থাপনায় কোনো হামলা চালানো হবে না।

তিনি ওই বার্তায় আরও উল্লেখ করেন, তিনি আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে পারস্পরিক বৈরিতার সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান নিয়ে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। তবে এই আলোচনা যদি শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তাহলে দেশটিতে পুনরায় বোমা হামলা চালানো হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণ পরেই ইসরায়েলও ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা না চালানোর ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলি সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই আলোচনার বিষয়ে তারাও পুরোপুরি অবগত রয়েছে।

ধারণা করা হচ্ছে, ইসরায়েল সম্ভবত ওয়াশিংটনের নীতি অনুসরণ করেই আপাতত ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে তাদের সম্ভাব্য হামলা বন্ধ রাখবে।

এ এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language