হবিগঞ্জ

১৬ মাস পর চুনারুঘাট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর

হবিগঞ্জ, ২৩ মার্চ – হবিগঞ্জ জেলার চুনারুঘাট সীমান্তে আইনি প্রক্রিয়া শেষে দুই ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বাল্লা স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস ১ পিলারের কাছে আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), পুলিশ এবং কারারক্ষীদের উপস্থিতিতে তাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশের কাছে তুলে দেওয়া হয়। হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম এবং চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) সজল কুমার পাল।

অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন মোহনপুরের অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায়, আইপিএস কর্মকর্তা ডি কুডিয়াওসো, বিএসএফের কোম্পানি কমান্ডার অশোক কুমার এবং খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ডি সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে বিজিবি সদস্যরা মাধবপুর সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে। আটককৃতরা হলেন পশ্চিম ত্রিপুরা নিবাসী অমূল্য বিশ্বাসের ছেলে অজিৎ বিশ্বাস এবং পিয়ারী দাশের ছেলে সমীর দাশ। আটকের পর হবিগঞ্জের বিচারিক আদালত তাদের ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তবে সাজার মেয়াদ শেষ হলেও আইনি ও দাপ্তরিক কিছু জটিলতার কারণে দীর্ঘ ১৬ মাস পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হলো।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের যৌথ সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের হস্তান্তর করা হয়েছে।

এ এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language