এশিয়া

দক্ষিণ কোরিয়ায় গাড়ির যন্ত্রাংশ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

সিওল, ২৩ মার্চ – দক্ষিণ কোরিয়ার দেজন শহরে গাড়ির যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আনজুন ইন্ডাস্ট্রিয়ালের ওই কারখানায় ঘটা বিস্ফোরণ ও আগুনে আরও ৫৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে যে শুক্রবার বিকালে আগুন লাগার পর সেখানে পাঁচশর বেশি দমকলকর্মী, পুলিশ ও জরুরি সেবাকর্মী উদ্ধার কাজ শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা যায় কারখানা কমপ্লেক্স থেকে ঘন ধূসর ধোঁয়া উড়ছে এবং জীবন বাঁচাতে কিছু শ্রমিক ভবন থেকে লাফিয়ে পড়ছেন।

দায়েদক জেলা ফায়ার সার্ভিসের প্রধান ন্যাম দেউক উ জানিয়েছেন আগুনে একটি কারখানা ভবন সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনটি ধসে পড়ার আশঙ্কায় শুরুতে দমকলকর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে শুক্রবার গভীর রাতে সেখানে অগ্নিনির্বাপক রোবট নামায় দমকল বাহিনী। এরপরই নিখোঁজ শ্রমিকদের খোঁজে তল্লাশি শুরু হয়। নিহত ১৪ জনের মধ্যে ৯ জনের মৃতদেহ তৃতীয় তলার একটি ব্যায়ামাগারে এবং তিন জনকে দ্বিতীয় তলার একটি পানির ট্যাংকের কাছে পাওয়া যায়। শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। তিনি নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। উদ্ধার অভিযান পরিচালনার সময় পোড়া কারখানা ভবনের ধস ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

দমকল কর্মকর্তা ন্যাম দেউক উ আরও জানান আগুনের মূল কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা সেখানে বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে সেই বিস্ফোরণ থেকেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন যাতে আশপাশের স্থাপনায় না ছড়ায় তা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করেন দমকলকর্মীরা। ঘটনাস্থল থেকে শতাধিক কেজি রাসায়নিক উদ্ধার করা হয়েছে যা উচ্চ মাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম ছিল। জীবন বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে অনেকে আহত হয়েছেন এবং ধোঁয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকাল পর্যন্ত ২৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন এবং তাদের মধ্যে ৪ জনের ভাঙা হাড় ও অন্যান্য আঘাতের কারণে অস্ত্রোপচার করা হয়েছে।

এস এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language