মধ্যপ্রাচ্য

উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে ৬ মাস লাগতে পারে

প্যারিস, ২০ মার্চ – পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল।

শুক্রবার তিনি জানান, নীতিনির্ধারক ও বাজার সংশ্লিষ্টরা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতিকে এখনো অবমূল্যায়ন করছেন। ইরানের সঙ্গে চলমান এই সংঘাতকে এযাবৎকালের সবচেয়ে গুরুতর বৈশ্বিক জ্বালানি সংকট হিসেবে উল্লেখ করেন তিনি।

২০২২ সালে ইউক্রেনে রুশ হামলার পর সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফাতিহ বিরল বর্তমান পরিস্থিতিকে ইতিহাসের বৃহত্তম বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা হুমকি বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, সত্তরের দশকের জ্বালানি সংকটের চেয়েও বর্তমানে বেশি পরিমাণ তেলের সরবরাহ বন্ধ রয়েছে। এমনকি ২০২২ সালে ইউরোপে রাশিয়া যে পরিমাণ গ্যাস সরবরাহ বন্ধ করেছিল, বর্তমানে তার দ্বিগুণ পরিমাণ গ্যাস বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বাইরে রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আইইএ প্রধান বলেন, বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ বর্তমানে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে আটকে আছে। জ্বালানি সরবরাহের প্রধান পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় শস্যের সার, প্লাস্টিক তৈরির পেট্রোকেমিক্যালস, পোশাক ও উৎপাদন শিল্পসহ সালফার ও হিলিয়ামের মতো অতি প্রয়োজনীয় পণ্যের সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপসাগরীয় জ্বালানি রপ্তানির প্রধান রুট হরমুজ প্রণালি সচল না হওয়া পর্যন্ত তেলের দাম বাড়তেই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

চলতি সপ্তাহে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র এবং কাতারের রাস লাফান কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে হামলার পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলার ছাড়িয়ে গেছে। জ্বালানি ঘাটতি মেটাতে গত সপ্তাহে আইইএ তাদের বৈশ্বিক মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে, যা সংস্থাটির মোট মজুতের মাত্র ২০ শতাংশ।

তবে ফাতিহ বিরল মনে করেন, কেবল মজুত থেকে তেল ছেড়ে এই ঘাটতি মেটানো সম্ভব নয়; হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করাই এর একমাত্র সমাধান। এই সংকট বিশ্বজুড়ে জ্বালানি নীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এর ফলে আগামী দিনে নবায়নযোগ্য জ্বালানি, পারমাণবিক বিদ্যুৎ এবং বৈদ্যুতিক যানের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে।

ইউরোপীয় নীতিনির্ধারকদের উদ্দেশে রাশিয়ার গ্যাসের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল না করারও আহ্বান জানিয়েছেন তিনি, কারণ মস্কোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার পুরোনো ভুলের পুনরাবৃত্তি করা ঠিক হবে না বলে মনে করেন তিনি।

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language