পর্যটন

ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো

চট্টগ্রাম, ১৯ মার্চ – ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সাজে সেজে উঠছে চট্টগ্রামের বিভিন্ন পর্যটন ও বিনোদনকেন্দ্র। দর্শনার্থীদের জন্য আকর্ষণীয়, স্বস্তিদায়ক এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে এসব স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নানা ধরনের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সাগর, পাহাড় ও নদীর অপূর্ব সমন্বয়ের কারণে বন্দরনগরী চট্টগ্রাম সবসময়ই পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মহামায়া লেক এবং নগরীর ফয়স লেক এখানকার পর্যটনে আলাদা মাত্রা যোগ করেছে। এছাড়াও পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকত দর্শনার্থীদের কাছে কক্সবাজারের মতোই জনপ্রিয় হয়ে উঠেছে।

এসবের বাইরে চট্টগ্রামের আউটার রিং রোড, কর্ণফুলী টানেল এলাকা, সিআরবি, ডিসি ফ্লাওয়ার পার্ক, চট্টগ্রাম চিড়িয়াখানা, গুলিয়াখালি সৈকত, চন্দ্রনাথ পাহাড়, ইকোপার্ক, নাপিত্যাছড়া ও খৈয়াছড়া ঝরনা এবং পতেঙ্গা বাটারফ্লাই পার্ক পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে। ঈদ উপলক্ষে এসব কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন জানান, পর্যটক এবং বিশেষ করে শিশুদের আনন্দদায়ক অভিজ্ঞতার জন্য প্রতি বছরের মতো এবারও চিড়িয়াখানায় কিছু সংস্কার কাজ করা হয়েছে। ঈদের দিন বিকেল থেকেই চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং ঈদের পরবর্তী এক সপ্তাহে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে চট্টগ্রামের অন্যতম প্রধান বিনোদনকেন্দ্র ফয়স লেকে নৌকা ভ্রমণের পাশাপাশি নানা ধরনের রাইড, ওয়াটার পার্ক ও পিকনিক স্পটের ব্যবস্থা রয়েছে। ফয়স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার বিশ্বজিৎ ঘোষ জানান, দর্শনার্থীদের জন্য রাইডগুলো সংস্কার করা হয়েছে এবং লেকে ভ্রমণের জন্য নতুন ইঞ্জিনচালিত নৌকা যুক্ত করা হয়েছে। ঈদের দিন দুপুর থেকে পার্কটি খোলা থাকবে।

বিনোদনকেন্দ্রগুলোর পাশাপাশি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতেও স্থানীয় ও দূরদূরান্তের দর্শনার্থীদের ভিড় জমে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে সেখানে নির্মিত দৃষ্টিনন্দন ওয়াকওয়ে এবং পাশেই কর্ণফুলী টানেল পর্যটকদের জন্য ভিন্ন এক আবহ তৈরি করেছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঈদের সময় পতেঙ্গাসহ অন্যান্য স্থানে বাড়তি নজরদারি থাকবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম প্রস্তুত রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল পুলিশ মোতায়েন থাকবে।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language