মধ্যপ্রাচ্য

ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ইসরায়েলের তিন উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

তেল আবিব, ১৯ মার্চ – ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়নে থাকা তিনটি বেসামরিক উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি উড়োজাহাজে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ নিচে পড়ে এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, গত কয়েক দিনের মধ্যে এই ঘটনা ঘটলেও ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলোর মালিকানার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর আকাশপথে দেশটির প্রধান এই প্রবেশদ্বারে সাধারণ বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বিদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলো কিছু বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে এই বিমানবন্দরটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও ব্যবহার করছে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় অর্ধেকই ছিল গুচ্ছ বোমা বা ক্লাস্টার মিউনিশন।

এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট অসংখ্য বোমা বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। দ্য টাইমস অব ইসরায়েলের প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুন ধরে গেছে এবং অন্যগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতেই ওই তিনটি বেসামরিক উড়োজাহাজের এই পরিণতি হয়েছে।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language