দক্ষিণ এশিয়া

ঈদ উপলক্ষে আফগানিস্তানে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল পাকিস্তান

ইসলামাবাদ, ১৯ মার্চ – পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আফগানিস্তানে সামরিক অভিযান কিছুদিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এটি পাঁচ দিন পর্যন্ত চলবে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বুধবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত আফগানিস্তানে সব ধরনের হামলা বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে আফগানিস্তান থেকে পাকিস্তানের ওপর কোনো হামলা হলে তার জবাবে আরও কঠোর অভিযান চালানো হবে বলেও সতর্ক করেন তিনি।

পাকিস্তানের এই ঘোষণার পর তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেন।

এর আগে গত সোমবার রাতে কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। তালেবান সরকারের দাবি, ওই হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। বুধবার নিহতদের স্মরণে কাবুলে গণজানাজা অনুষ্ঠিত হয়।

তবে পাকিস্তান বলেছে, তারা কোনো চিকিৎসা বা পুনর্বাসন কেন্দ্র নয়, বরং ‘সন্ত্রাসীদের আশ্রয়স্থল ও সামরিক স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি অনুযায়ী, ওই জায়গাটি ড্রোন সংরক্ষণ ও আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছিল।

অন্যদিকে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি এই হামলাকে ‘কাপুরুষোচিত অপরাধ’ বলে উল্লেখ করে এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহের সংঘাতে এক লাখ ১৫ হাজারের বেশি বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সীমান্ত বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন মনে করিয়ে দিয়েছে, সংঘাতের সময় বেসামরিক মানুষ ও চিকিৎসা স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language