ফেনী

ফেনীর রামপুর সেতুর মেরামত শুরু, চার দিন বন্ধ থাকবে চট্টগ্রামমুখী লেন

ফেনী, ১৮ মার্চ – ঈদ পরবর্তী সময়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় একটি সেতুর মেরামত কাজ শুরু হতে যাচ্ছে। এ কারণে আগামী চার দিন ওই মহাসড়কের চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে। এতে সাময়িক যানজট ও ভোগান্তির আশঙ্কা দেখা দিলেও সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে তুলনামূলক চাপ কম থাকায় মেরামতের জন্য এ সময়টি বেছে নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায় ২২ থেকে ৩০ মার্চ পর্যন্ত রামপুর সেতুর মেরামত চলবে। এর মধ্যে ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেনটি পুরোপুরি বন্ধ রাখা হবে।

এরপর ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত এক লেনে যানবাহন চলাচল করবে। এ বিষয়ে সওজ ফেনীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। র‍্যাব ক্যাম্প সংলগ্ন ইউটার্ন থেকে রামপুর ব্রিজের পরবর্তী ইউটার্ন পর্যন্ত দুই লেনকে একমুখী হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়াও ফতেহপুর, সালাউদ্দিন মোড়, ট্রাক রোড, জিরো পয়েন্ট ও লালপোলসহ অভ্যন্তরীণ সড়কগুলো বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।

তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন শহরের এসব অভ্যন্তরীণ সড়ক ভারী যানবাহনের জন্য খুব একটা উপযোগী নয়। ফলে শহরের ভেতরে যানজটের মাত্রা বাড়তে পারে। পরিবহন সংশ্লিষ্টরাও ঈদের পর এই ব্যস্ত রুটে লেন বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা ভোগান্তির আশঙ্কা করছেন। ফেনী সওজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সেতুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনা এড়াতে এর দ্রুত মেরামত অত্যন্ত জরুরি। ঈদের পর মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকে বলে এখনই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক লেন চালু থাকলে যান চলাচলে বড় কোনো সংকট তৈরি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

এস এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language