বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছে এনসিপি, জামায়াত অনুসরণ করছে: সামান্তা শারমিন

গোপালগঞ্জ, ১৫ মার্চ – বর্তমানে এনসিপি বিরোধী দলের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, জামায়াত এখন আলাদা কোনো বিরোধী দল নয়, বরং এনসিপি ও জামায়াত মিলেই শক্তিশালী বিরোধী রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছে। তিনি আরও বলেন, অনেকেই বলছেন জামায়াত বিভিন্ন বিষয়ে কথা বলছে। তবে তার মতে, বাস্তবে এসব বিষয়ে নেতৃত্ব দিচ্ছে এনসিপি এবং জামায়াত কেবল তাদের অনুসরণ করছে।
সাম্প্রতিক নির্বাচনের ফলাফলেও এই বিষয়ের প্রতিফলন দেখা গেছে বলে সামান্তা শারমিন দাবি করেন। তিনি উল্লেখ করেন, জামায়াত অতীতে কখনো এত ভোট পায়নি। এবারের নির্বাচনে তাদের ভোট ও আসন বাড়ার পেছনে এনসিপির বড় ভূমিকা রয়েছে। এনসিপি চেষ্টা করেছে যাতে জামায়াত বিরোধী দলের রাজনীতি আরও ভালোভাবে বুঝতে পারে এবং গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে। এদিকে ১৪তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।
এই ইস্যুতে জামায়াত ও এনসিপি জোট বলছে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারবেন না। অন্যদিকে বিএনপি বলছে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া উচিত। সামান্তার এমন মন্তব্যের পর টকশোতে উপস্থাপক প্রশ্ন করেন, তাহলে কি জামায়াত নিজস্ব কোনো কথা বলছে না। উত্তরে তিনি জানান, জামায়াত যেসব কথা বলছে সেগুলোর নেতৃত্ব আসলে এনসিপিই দিচ্ছে।
এদিকে সামান্তা শারমিনের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। অন্য একটি টকশোতে তিনি বলেন, এমন বক্তব্যের কারণে সামান্তাকে শোকজ করে দ্রুত দল থেকে বহিষ্কার করা উচিত। তিনি অভিযোগ করেন, এনসিপি যদি এতই শক্তিশালী হয় তবে গোপালগঞ্জ থেকে তাদের নিয়ে আসতে কেন সহায়তার প্রয়োজন হলো। তার দাবি, সামান্তা কোনো বিশেষ এজেন্সির হয়ে কথা বলছেন এবং তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এস এম/ ১৫ মার্চ ২০২৬









