জাতীয়

ঢাকায় হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া, আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস

ঢাকা, ১৩ মার্চ – রাজধানী ঢাকায় গরম বাড়তে শুরু করলেও শুক্রবার সন্ধ্যায় হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় নগরবাসীর জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মাঝে মাঝে মেঘের ফাঁকে রোদ উঁকি দিলেও বিকালের দিকে মেঘের বিস্তৃতি বাড়তে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি শুরু হয় এবং একই সঙ্গে দমকা বাতাস বয়ে যায়।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার তৃতীয় দিনে রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দেশের সব বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। এই সময়ে পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা আকারে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

এস এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language