আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ওয়াশিংটন, ১৩ মার্চ – আগামী সপ্তাহের মধ্যে ইরানের ওপর কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার ১৩ মার্চ এই সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়।
ডোনাল্ড ট্রাম্প জানান, প্রয়োজনে হরমুজ প্রণালি অতিক্রমকারী বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র। তিনি আশা প্রকাশ করেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই যুদ্ধ বেশ ভালোভাবে এগিয়ে যাবে।
এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ইরানের বর্তমান রণকৌশলের পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অদৃশ্য প্রভাব রয়েছে।
ইরান ইস্যুতে ট্রাম্প কিছুটা দোটানায় থাকলেও তিনি মার্কিন সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। ট্রাম্পের মতে, মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্য মাত্রায় দুর্বল করে দিয়েছে। তবে তিনি স্বীকার করেন যে, এই যুদ্ধ খুব দ্রুত শেষ করা সম্ভব হচ্ছে না।
এর আগে গত বুধবার কেন্টাকির হেবরনে ইরান যুদ্ধ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান যে তারা এরই মধ্যে জয়লাভ করেছেন। তবে চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে এই সামরিক অভিযান অব্যাহত রাখতে হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইরানও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে পাল্টা আক্রমণ চালিয়ে আসছে।
এনএন/ ১৩ মার্চ ২০২৬









