উত্তর আমেরিকা

ইরানে স্কুলে হামলায় ১৭০ ছাত্রী নিহতের ঘটনায় ট্রাম্পের জবাবদিহিতা চাইলেন মার্কিন সিনেটর

ওয়াশিংটন, ১৩ মার্চ – দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ জন ছাত্রী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবদিহিতা দাবি করেছেন মার্কিন সিনেটর রাফায়েল ওয়ার্নক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই দাবি জানান।

ওয়ার্নক তার বার্তায় উল্লেখ করেন, যে জাতির নেতারা এত সহজে শিশুদের মৃত্যুকে উপেক্ষা করতে পারে, তাদের নৈতিক সংস্কার প্রয়োজন। তিনি আরও বলেন, কোনো কারণেই শিশু হত্যা গ্রহণযোগ্য নয় এবং ইরানি শিশুরাও ঈশ্বরের সন্তান, তা ভুলে যাওয়া উচিত নয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের প্রথম দিনে মিনাবের ওই স্কুলটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ১৭০ জন নিরীহ শিক্ষার্থী প্রাণ হারায়। এই মর্মান্তিক ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের তীব্র সমালোচনা শুরু হয়।

প্রাথমিক প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করেছিলেন যে, মার্কিন বাহিনী সেখানে কোনো হামলা চালায়নি বরং ইরানের নিজস্ব প্রতিরক্ষা বাহিনীই এই ট্র্যাজেডির জন্য দায়ী। তবে পরবর্তী তদন্তে বেরিয়ে আসে যে, স্কুলটিতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক। ইরানের সামরিক ভাণ্ডারে এ ধরনের কোনো ক্ষেপণাস্ত্র নেই।

এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language