মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক নিরাপত্তা দিতে পারছে না মার্কিন নৌবাহিনী

তেহরান, ১১ মার্চ – বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক নিরাপত্তা প্রদান সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল রফতানিতে দীর্ঘমেয়াদি সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন নৌবাহিনীর এই অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বে দেওয়া প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক।

তিনি বলেছিলেন যে প্রয়োজন হলে এই গুরুত্বপূর্ণ পানিপথে পুনরায় জাহাজ চলাচলের জন্য নৌবাহিনীর এসকর্ট দেওয়া হবে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে এই সরু প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ। এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে এবং তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে হরমুজ প্রণালি বর্তমানে বন্ধ আছে। এখান দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হবে।

শিপিং খাত সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবে শিপিং ও তেল শিল্প প্রতিনিধিদের সাথে বৈঠক করছে। তবে নৌবাহিনী স্পষ্ট করেছে যে আপাতত প্রণালিটি পার হওয়ার ক্ষেত্রে তারা কোনো সামরিক নিরাপত্তা দিতে সক্ষম নয়। শিপিং প্রতিনিধিরা বারবার নিরাপত্তার আবেদন জানালেও তা প্রত্যাখ্যাত হচ্ছে।

এস এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language