যুদ্ধবিরতি চাইছে না ইরান, জানালেন পার্লামেন্ট স্পিকার

তেহরান, ১০ মার্চ – ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা কোনো ধরনের যুদ্ধবিরতি চাইছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আগ্রাসনকারীদের এমনভাবে জবাব দেওয়া উচিত যাতে তারা শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতে কখনও ইরানে হামলার সাহস না দেখায়। তিনি অভিযোগ করেন, আধিপত্য বিস্তারের লক্ষ্যে ইসরায়েল যুদ্ধ, আলোচনা এবং যুদ্ধবিরতির একটি চক্র তৈরি করে আবারও যুদ্ধে জড়ানোর কৌশল নিয়েছে।
তবে ইরান এই চক্র ভেঙে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই সুরে কথা বলেছেন। পিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না, কারণ পূর্বের আলোচনার অভিজ্ঞতা তাদের জন্য অত্যন্ত তিক্ত ছিল। তিনি উল্লেখ করেন, এর আগে দুই দফা আলোচনার পরই ইরানের ওপর সর্বশেষ হামলাটি চালানো হয়। অন্যদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতির একমাত্র শর্ত হতে পারে ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা হবে না এমন সুস্পষ্ট নিশ্চয়তা প্রদান।
এস এম/ ১০ মার্চ ২০২৬









