তেহরানে আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ৪০

তেহরান, ১০ মার্চ – ইরানের রাজধানী তেহরানে আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে।
সোমবার গভীর রাতে তেহরানের রেসালাত স্কয়ার সংলগ্ন কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে এই ভয়াবহ হামলা চালানো হয়। সংবাদমাধ্যম তাসনিম নিউজ এই ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে।
হামলার পরপরই পুরো এলাকায় আগুন ধরে যায় এবং চারদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা। তারা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের ফলে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এসব ধারাবাহিক হামলায় এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনএন/ ১০ মার্চ ২০২৬









