ঈদে সাধারণের জন্য নতুন নোট দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক, কর্মকর্তাদের জন্য বিশেষ বরাদ্দ

ঢাকা, ৯ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ নাগরিকদের জন্য নতুন নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নোট নেওয়ার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ মার্চ জারি করা এক অভ্যন্তরীণ অফিস আদেশ অনুযায়ী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট সংগ্রহ করতে পারছেন। এতে বলা হয়েছে, নির্বাহী পরিচালক থেকে যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকা পর্যন্ত নতুন নোট নিতে পারবেন। অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মী ও সাধারণ কর্মচারীদের জন্য সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট বরাদ্দ রাখা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ৮ মার্চ থেকে শুরু হওয়া এই বিশেষ বরাদ্দ কার্যক্রম চলবে ১২ মার্চ পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেক কর্মকর্তা। তাদের মতে, একদিকে ডিজিটাল লেনদেন বাড়ানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে নিজেদের জন্য বিপুল পরিমাণ নগদ নতুন নোট বিতরণ করা হচ্ছে।
প্রতিবছর ঈদকে ঘিরে সাধারণ মানুষের জন্য নতুন নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। ঈদ সালামির অংশ হিসেবে নতুন নোটের আলাদা চাহিদা থাকে। কিন্তু এবার সাধারণ নাগরিকদের জন্য সেই সুযোগ না থাকায় অনেকেই হতাশা প্রকাশ করছেন।
রাজধানীর মতিঝিল, গুলিস্তান ও ফার্মগেট এলাকায় সারা বছরই নতুন নোট কেনাবেচার অস্থায়ী দোকান বসে। ব্যাংক থেকে নতুন নোট না পেলে সাধারণ মানুষকে সেখান থেকে বাড়তি কমিশন দিয়ে নতুন টাকা কিনতে হয় বলে জানা গেছে।
এনএন/ ৯ মার্চ ২০২৬









