জাতীয়

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ঢাকা, ৯ মার্চ – আসন্ন ঈদুল ফিতরের লম্বা ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে আর্থিক লেনদেনের সুযোগ দিতে দেশের সব তফসিলি ব্যাংককে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পয়েন্ট অব সেল, ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিসের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে এই আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা। সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, ঈদের ছুটির সময় গ্রাহকরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য ব্যাংকগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ে সমাধান করতে হবে। এছাড়া বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করা এবং সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা জোরদার করতে হবে।

পয়েন্ট অব সেলের ক্ষেত্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা এবং জাল ও জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহকদের সচেতন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক লেনদেনের সময় টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিগুলোকেও নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া ঈদের ছুটি চলাকালীন যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে দ্রুত জানাতে হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক করতে প্রচার চালাতে বলা হয়েছে। গ্রাহককে সার্বক্ষণিক হেল্প লাইন সহায়তা প্রদান এবং পূর্বে জারি করা এই সংক্রান্ত পরিপত্রের সব নির্দেশনা যথাযথভাবে পরিপালন করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কঠোরভাবে নির্দেশ দিয়েছে।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language