জাতীয়

ব্র্যাক ব্যাংকের প্রথম চিফ ইনফরমেশন অফিসার হিসেবে এএসএম ওয়াসি নোমানের নিয়োগ

ঢাকা, ৭ মার্চ – ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক এএসএম ওয়াসি নোমানকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। ব্যাংকের ইতিহাসে এই প্রথমবারের মতো চিফ ইনফরমেশন অফিসার বা সিআইও পদে কাউকে নিয়োগ দেওয়া হলো।

এই নতুন দায়িত্বে তিনি ব্যাংকের প্রযুক্তিকৌশল ও ডিজিটাল উদ্ভাবন কার্যক্রমে নেতৃত্ব দেবেন। তাঁর নির্দেশনায় ব্যাংকটির প্রযুক্তিনির্ভর সেবাগুলোর মানোন্নয়ন, গ্রাহক অভিজ্ঞতার আধুনিকায়ন এবং ভবিষ্যৎমুখী ব্যাংকিং সক্ষমতা গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে।

ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য হিসেবে তিনি প্রযুক্তি এবং ডিজিটাল ব্যাংকিং উভয় বিভাগের কার্যক্রম তত্ত্বাবধান করবেন। একইসঙ্গে ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে ডিজিটাল উদ্যোগগুলোর সমন্বয় নিশ্চিত করতে তিনি কাজ করবেন। ওয়াসি নোমানের ব্যাংকিং, টেলিযোগাযোগ, আইটি সার্ভিস, অটোমেশন এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে পঁচিশ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি মেটলাইফ বাংলাদেশে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি অ্যাকসেঞ্চার, গ্রামীণফোন, জিপিআইটি, স্ট্যান্ডার্ড ব্যাংক, কার্নেল সিস্টেমস এবং বেক্সিমকো কম্পিউটার্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার হিসেবেও সফলতার সঙ্গে কাজ করেছেন। এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান জানান, প্রযুক্তিকে কেন্দ্র করে ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, ব্র্যাক ব্যাংকে প্রথম সিআইও নিয়োগ তাদের সেই কৌশলগত পরিকল্পনারই একটি অংশ।

ওয়াসি নোমানের দেশি ও বিদেশি প্রতিষ্ঠানে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষাজীবনে ওয়াসি নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ফ্যালকনবুরি ইনস্টিটিউট থেকে টেকনিক্যাল প্রফেশনালদের জন্য এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন।

এম ম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language