আজ ঐতিহাসিক বদর দিবস: সত্য-মিথ্যার পার্থক্য নিরূপণের দিন

বদর প্রান্তর, ৭ মার্চ – আজ ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। হিজরি দ্বিতীয় সনের এই দিনে অর্থাৎ ৬২৪ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ মদিনা মুনাওয়ারা থেকে ৮০ মাইল দক্ষিণে ঐতিহাসিক বদর নামক স্থানে ইসলামের প্রথম এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইসলামের ইতিহাসে এই যুদ্ধ এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মদিনা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণকারী এই যুদ্ধে ইসলাম ও মুসলমানদের বিজয় অর্জিত হয়। এটি ইতিহাসে বদর যুদ্ধ হিসেবে পরিচিত।
এই যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য ইসলামে অপরিসীম। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবি তৎকালীন আধুনিক অস্ত্রে সজ্জিত মক্কার কাফের ও মুশরিকদের মোকাবেলা করেন। মহান আল্লাহ তায়ালা ফেরেশতাদের মাধ্যমে এই যুদ্ধে মুসলিমদের সাহায্য করে ঐতিহাসিক বিজয় দান করেছিলেন। ঐতিহাসিক তথ্যমতে ১৬ রমজান মাগরিবের পর ১৭ রমজান শুরু হয় এবং সেই রাতে মহানবী (সা.) ও সাহাবিরা বদর প্রান্তরে অবস্থান করছিলেন।
সেই রাতে রাসুল (সা.) মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেছিলেন। ফলে নিরস্ত্র মুসলিমরা অস্ত্রে সজ্জিত বিশাল বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন। এ যুদ্ধে প্রতিপক্ষের ৭০ জন নিহত হয় এবং আরও ৭০ জন বন্দি হয়। অন্যদিকে মুসলমানদের মধ্যে ১৪ জন সাহাবি শাহাদাতবরণ করেন। বদর প্রান্তরে মুসলিমদের জন্য এই অভাবনীয় বিজয় ছিল মহান আল্লাহর একান্ত কুদরতের প্রমাণ। এর মাধ্যমেই ইসলামের বিজয়ের সূচনা হয়েছিল। তাই প্রতি বছর ১৭ রমজান বিশ্বব্যাপী এই দিনটি ঐতিহাসিক বদর দিবস হিসেবে পালিত হয়।
এস এম/ ৭ মার্চ ২০২৬









