উত্তর আমেরিকা

রাশিয়ার তেল কিনতে ভারতকে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড়

তেহরান, ৬ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলে পারস্য উপসাগরে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বাধার মুখে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সাগরে আটকে থাকা রাশিয়ার জ্বালানি তেল কেনার জন্য ভারতকে নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন যে ভারতীয় শোধনাগারগুলোকে রুশ তেল কেনার জন্য ৩০ দিনের একটি সুচিন্তিত ও সাময়িক সুযোগ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন অর্থমন্ত্রী জানান যে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের প্রচেষ্টাকে রুখে দেওয়াও এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য। তিনি উল্লেখ করেন যে এটি একটি সুপরিকল্পিত ও স্বল্পমেয়াদি পদক্ষেপ। যেহেতু এই ছাড় শুধুমাত্র সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য তাই এর মাধ্যমে রুশ সরকার বড় কোনো আর্থিক সুবিধা পাবে না বলে তিনি নিশ্চিত করেছেন।

ইউক্রেনে হামলার পর রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তেল আমদানিকারক দেশগুলো রাশিয়ার বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়। রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা হলো ভারত। ইউক্রেন যুদ্ধের তহবিল কমাতে ভারত যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ করে সে জন্য দিল্লির ওপর বিশেষ চাপ বজায় রেখেছিল ওয়াশিংটন। তবে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় সেই অবস্থানে কিছুটা নমনীয়তা প্রদর্শন করল যুক্তরাষ্ট্র।

এস এম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language