উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধ আমদানিতে ২০০ শতাংশ পর্যন্ত শুল্কের ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন, ২৩ জুলাই – যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধের উৎপাদন ফিরিয়ে আনতে বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০২৮ সাল থেকে আমদানিকৃত জেনেরিক ওষুধের ওপর প্রথমে ১০০ শতাংশ এবং পরবর্তীতে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করার কথা জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। বার্তায় মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, আগামী ১ আগস্ট থেকে পরবর্তী দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব ধরনের জেনেরিক ওষুধে শূন্য শতাংশ শুল্ক বহাল থাকবে।

তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব ওষুধ প্রস্তুতকারক কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করতে পারবে না, তাদের ওপর ২০২৮ সাল থেকে এই উচ্চমাত্রার শুল্ক বা জরিমানা কার্যকর করা হবে। মূলত স্থানীয়ভাবে উৎপাদন নিশ্চিত করতেই এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘ দিন ধরেই মোস্ট ফেভারড নেশন ওষুধ মূল্যনীতি বাস্তবায়নের মাধ্যমে ওষুধ প্রস্তুতকারকদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। এই নীতির লক্ষ্য হলো বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো যুক্তরাষ্ট্রের নাগরিকরাও যেন সাশ্রয়ী মূল্যে ওষুধ ক্রয় করতে পারেন।

তবে জেনেরিক ওষুধের ক্ষেত্রে কঠোর এই ঘোষণা দেওয়া হলেও পেটেন্ট করা ব্র্যান্ডেড বা নতুন উদ্ভাবিত ওষুধের ক্ষেত্রে বর্তমান নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ব্যবহৃত মোট ওষুধের প্রায় ৯০ শতাংশই জেনেরিক ক্যাটাগরির।

ফলে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব বিশ্বব্যাপী ওষুধ শিল্পে পড়বে বলে মনে করা হচ্ছে। এর আগে গত এপ্রিলে এক নির্বাহী আদেশে ট্রাম্প জানিয়েছিলেন যে, আমদানিকৃত ব্র্যান্ডেড ওষুধ প্রস্তুতকারকরা যদি সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি না করে কিংবা যুক্তরাষ্ট্রে উৎপাদনে আগ্রহী না হয়, তবে তাদের ওপরও ১০০ শতাংশ শুল্ক চাপানো হতে পারে।

এস এম/ ২৩ জুলাই ২০২৬


Back to top button