কানাডার বোস্টনবারে ভয়াবহ দাবানল: বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ

অটোয়া, ২৩ জুলাই – কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ফ্রেজার ক্যানিয়ন অঞ্চলের বোস্টনবারে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় অবশিষ্ট বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ফ্রেজার ভ্যালি রিজিওনাল ডিস্ট্রিক্ট। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বোস্টন বারের দক্ষিণ অংশে নতুন করে আগুনের সূত্রপাত হয়।
প্রবল বাতাসের কারণে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। জরুরি সতর্কবার্তায় বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বোস্টন বারের দক্ষিণাঞ্চলীয় হেলস গেট এবং স্কাজি ক্রিক ফরেস্ট সার্ভিস রোড এলাকার আরও বেশ কিছু স্থাপনাকে এই নির্দেশের আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, বোস্টন বার ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। দাবানলের তীব্রতার কারণে হাইওয়ে-১ এর একটি বড় অংশ উভয় দিক থেকেই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিকল্প পথ হিসেবে হাইওয়ে-৫ ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও বোস্টন বার থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের উত্তরমুখী হাইওয়ে-১ দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিটিশ কলাম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিস জানিয়েছে, এই দাবানলের আয়তন ইতোমধ্যে ৩০০ হেক্টর ছাড়িয়েছে। আগুনটি বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে বা আউট অব কন্ট্রোল হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত ব্রান্সউইক ক্রিক দাবানল থেকে ছড়িয়ে পড়া একটি স্পট ফায়ার হিসেবে এটি চিহ্নিত হয়েছে।
গত সপ্তাহে ব্রান্সউইক ক্রিক ও আইনসলি ক্রিক দাবানল পরিস্থিতির কারণে প্রায় ৪৫০টি সম্পত্তির বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অনেক বাসিন্দা সেই নির্দেশ অমান্য করে এলাকাতেই থেকে যান। এদিকে বাস্তুচ্যুতদের সহায়তার জন্য ক্যামলুপসের ম্যাকআর্থার আইল্যান্ড স্পোর্টস সেন্টারে একটি অস্থায়ী গ্রহণকেন্দ্র খোলা হয়েছে।
এস এম/ ২৩ জুলাই ২০২৬









