জাতীয়

মধ্যপ্রাচ্য সংকট: জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার সরকারি নির্দেশনা

তেহরান, ৫ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে জাতীয় জ্বালানি নিরাপত্তা অক্ষুণ্ন রাখা এবং জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছে। এরই অংশ হিসেবে দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বাণিজ্যিক স্থাপনা এবং সচেতন নাগরিকদের অবিলম্বে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত ও সাশ্রয়ী পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করার পাশাপাশি গ্যাস পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে লিকেজজনিত অপচয় রোধ করতে বলা হয়েছে।

একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া জ্বালানি তেলের ওপর চাপ কমাতে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। সম্ভব হলে যাতায়াতের ক্ষেত্রে শেয়ারিং বা কার-পুলিং ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত বা পরিহার করে জ্বালানি তেলের ব্যবহার কমানোর কথাও উল্লেখ করা হয়।

সকল সরকারি দপ্তরে অফিস চলাকালীন এবং অফিস সময়ের পরে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও অনুরূপ সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ ও অনাবশ্যক জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। জাতীয় স্বার্থে এই নির্দেশনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language