কক্সবাজারে বিশেষ অভিযানে ৩ জন আটক, ৫০ হাজার ইয়াবা ও নগদ অর্থ জব্দ

কক্সবাজার সদর উপজেলা, ৫ মার্চ – কক্সবাজার সদর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ৪ লাখ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ও খরুলিয়া এলাকার একাধিক স্থানে অভিযান চালানো হয় এবং এ সময় মাদক কারবারিদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন খরুলিয়া সুতারচর এলাকার মো. রাসেল, পশ্চিম মেরংলোয়া এলাকার কামরুন্নাহার এবং একই এলাকার শওকত আলম।
পুলিশ সূত্রে জানা গেছে আটক শওকত আলম রামু উপজেলা যুবদলের সদস্য ও ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব এবং কামরুন্নাহার তার বোন। এই ঘটনায় আটক হওয়া কামরুন্নাহারের স্বামী আলমগীর প্রকাশ আলমকে পলাতক আসামি করা হয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ইয়াবা কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এম ম/ ৫ মার্চ ২০২৬









