মধ্যপ্রাচ্য

লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বের সব ইসরায়েলি দূতাবাস নিশানা হবে: ইরানের হুঁশিয়ারি

তেহরান, ৪ মার্চ – লেবাননে অবস্থিত ইরানি দূতাবাসে কোনো প্রকার হামলা চালানো হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।

বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার হুমকির প্রেক্ষিতে তিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করে বারবার অপরাধী রাষ্ট্রের মতো আচরণ করছে। তেহরান তার ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে এতদিন সংযম প্রদর্শন করেছে।

শেকারচি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো ধরনের শত্রুতা বা বিরোধ নেই। তবে লেবাননে ইরানি দূতাবাসে আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। তিনি আরও বলেন, ইহুদিবাদী গোষ্ঠী যদি এমন কোনো আগ্রাসন চালায়, তবে নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেওয়া হবে।

চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, এই লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবে না।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language