শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা: শতাধিক নিখোঁজের শঙ্কা

শ্রী জয়াবর্ধনপুরা কোট্টে, ৪ মার্চ – শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার ঘটনায় অন্তত ১০১ জন নিখোঁজ এবং একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে যে বুধবারের এই ঘটনায় আরও ৭৮ জন আহত হয়েছেন।
কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে সূত্রগুলোর মতে আক্রান্ত জাহাজটি এরই মধ্যে ডুবে গেছে। অবশ্য শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র ১০১ জন নিখোঁজ থাকার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন। তিনি জানান যে এই ঘটনায় আহত ৩২ জনকে নৌবাহিনী উদ্ধার করেছে এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছিলেন যে জাহাজটি থেকে বিপদসংকেত পাওয়ার পর স্থানীয় সময় সকাল ৬টায় নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে যে ৭৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে যাদের মধ্যে একজন গুরুতর আহত এবং একজন মারা গেছেন।
ওই সূত্রটির মতে আরও ১০১ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ পার্লামেন্টে বিস্তারিত তথ্য না দিলেও নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনী অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে দক্ষিণ শ্রীলঙ্কার গলে উপকূলের কাছে জাহাজটি বিপদসংকেত পাঠিয়েছিল এবং আহতদের শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এম ম/ ৪ মার্চ ২০২৬









