শ্রীলঙ্কার উপকূলে ইরানি নৌবাহিনীর জাহাজডুবি, ৩০ নাবিক উদ্ধার

শ্রী জয়াবর্ধনপুরা কোট্টে, ৪ মার্চ – শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কান কর্তৃপক্ষের তথ্যমতে জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পরপরই দ্রুত সাড়া দিয়ে নাবিকদের উদ্ধারে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়।
জানা গেছে ওই জাহাজে মোট ১৮০ জন আরোহী অবস্থান করছিলেন। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ দেশটির সংসদে জানিয়েছেন যে ভোরের দিকে ‘আইআরআইএস ডেনা’ নামক ওই জাহাজটি থেকে তারা একটি জরুরি বিপদ সংকেত বা ডিস্ট্রেস কল পান।
তিনি আরও নিশ্চিত করেন যে জাহাজডুবির ঘটনায় আহত ৩০ জনকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং চিকিৎসার জন্য তাদের শ্রীলঙ্কার গ্যালে বন্দরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে ইরানি এই জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ল সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে দেশটির একজন বিরোধী দলীয় সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের অংশ হিসেবে জাহাজটিতে কোনো হামলা চালানো হয়েছে কি না। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
এম ম/ ৪ মার্চ ২০২৬









