সিরাজগঞ্জে পুকুর নিয়ে সংঘর্ষে ২ জন নিহত মামলা দায়ের, মোট গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জ, ৪ মার্চ – সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ ধরা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনার দুদিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে রায়গঞ্জ থানায় নিহত আব্দুস সালামের ছেলে মো. জব্বারুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এদিকে চাঞ্চল্যকর এই জোড়া খুনের ঘটনায় পুলিশ নতুন করে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
এ নিয়ে মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান যে মঙ্গলবার রাতে নাটোরের সিংড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। নতুন গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালপাড়ার ফজলার রহমানের ছেলে মো. লিটন এবং পার্শ্ববর্তী জামতৈল কানাদিগি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আন্নাস আলী।
এর আগে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ সমর্থক গোয়ালপাড়ার আছমত আলী, একই এলাকার আশরাফ আলী ও তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা বর্তমানে পুলিশ পাহারায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে গোয়ালপাড়ায় ৫ বিঘা আয়তনের একটি সরকারি খাসপুকুরের দখল নিয়ে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী ও স্থানীয় বিএনপি নেতা আবুবক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নেতা পুকুরটি নিয়ন্ত্রণে নেন এবং সোমবার সকালে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আবুবক্কার সিদ্দিকের বড় ভাই আব্দুস সালাম ও ইসমাইল হোসেন নিহত হন।
এম ম/ ৪ মার্চ ২০২৬









