যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের পূর্ণ প্রস্তুতি রয়েছে: ইরান

তেহরান, ৪ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, তারা এখনো তাদের ভাণ্ডারে থাকা সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী অস্ত্রগুলো ব্যবহার করেনি।
মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক সংবাদমাধ্যমকে জানান, শত্রুপক্ষ এই যুদ্ধ চাপিয়ে দিলেও দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তোলা এবং পাল্টা আক্রমণাত্মক প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখার সক্ষমতা তাদের রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, যুদ্ধের প্রাথমিক পর্যায়েই ইরান তার সব উন্নত সমরাস্ত্র ও কৌশলগত সরঞ্জাম ব্যবহার করে না। অন্যদিকে ইরানের এই দাবির বিপরীতে ভিন্ন চিত্র তুলে ধরেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।
সেন্টকম প্রধান জেনারেল কুপার দাবি করেছেন, ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমশ কমে আসছে। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এখন পর্যন্ত পাঁচ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুই হাজারের বেশি ড্রোন ব্যবহার করেছে। ফলে বর্তমানে দেশটি তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এস এম/ ৪ মার্চ ২০২৬









