জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পল কাপুর, বৈঠক করছেন শামা ওবায়েদের সঙ্গে

ঢাকা, ৪ মার্চ – যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন।

বুধবার সকাল পৌনে ৯টায় তিনি মন্ত্রণালয়ে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পল কাপুর বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করছেন এবং এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, এসব বৈঠকে রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান পল কাপুর।

সফরসূচি অনুযায়ী, মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন। এছাড়া সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

সফরের শেষ দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে পল কাপুরের।

এরপর তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন।

ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক জোরদার করা, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন স্বার্থ প্রাধান্য পাবে।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language