ব্যাংক হিসাব তলব: নিজেই স্টেটমেন্ট প্রকাশের ঘোষণা আসিফ মাহমুদের

ঢাকা, ৪ মার্চ – বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে।
এই খবর গণমাধ্যমে আসার পর মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন যে আগামীকাল তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন। ওই স্ট্যাটাসে আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন যে পদত্যাগের আগেই তিনি তার আয় ও সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছেন।
এর আগে সোমবার দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যাংক হিসাব খোলার ফরম ও লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে নির্দেশ দেয় বিএফআইইউ।
উল্লেখ্য জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে অন্যতম আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এনএন/ ৪ মার্চ ২০২৬









