ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে না জড়াতে ইউরোপকে কঠোর হুঁশিয়ারি ইরানের

তেহরান, ৩ মার্চ – ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ না নিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি স্পষ্টভাবে জানান, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি যে কোনো সামরিক অভিযানে কোনো দেশের অংশগ্রহণকে সরাসরি যুদ্ধ হিসেবেই গণ্য করা হবে। বাঘাই তার বক্তব্যে উল্লেখ করেন, তেহরানের বিরুদ্ধে এ ধরনের যে কোনো পদক্ষেপ আগ্রাসীদের সহযোগিতা হিসেবে বিবেচিত হবে এবং এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধের শামিল।
এর আগে গত রোববার ইউরোপের প্রভাবশালী তিন দেশ জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল যে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংসে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। উক্ত বিবৃতিতে আরও বলা হয়, ইরান এই অঞ্চলের দেশগুলোর ওপর যেভাবে নির্বিচারে ও অপেশাদার উপায়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে তারা বিস্মিত। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে জড়িত ছিল না এমন দেশগুলোও হামলার শিকার হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় শক্তিগুলো।
এস এম/ ৩ মার্চ ২০২৬









