আলোচনার পথ রুদ্ধ, এখন ‘আত্মরক্ষাই’ মূল লক্ষ্য ইরান

তেহরান, ৩ মার্চ – কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় ইরান সরকার এখন সম্পূর্ণভাবে আত্মরক্ষার প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই এক বিবৃতিতে উল্লেখ করেছেন যে যারা কূটনীতির পথে না হেঁটে ইরানের যৌক্তিক অবস্থান উপেক্ষা করে সামরিক বিকল্প বেছে নিয়েছে, তাদের এই সিদ্ধান্ত ইতিহাসে চিরস্থায়ী কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
আঞ্চলিক প্রতিবেশীদের জ্বালানি অবকাঠামোতে হামলার আশঙ্কা ও উত্তেজনা বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে তেহরান সর্বদা মানবিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সে অনুযায়ীই পদক্ষেপ গ্রহণ করবে।
আরব দেশগুলোকে সতর্ক করে দিয়ে ইরানি মুখপাত্র বলেন জায়নিস্ট শাসন তাদের অপকর্ম থেকে কখনোই বিরত থাকে না এবং তারা যুদ্ধের পরিসর বাড়াতে কিংবা অন্য দেশে অপরাধ সংঘটনে বিন্দুমাত্র দ্বিধা করে না।
বর্তমান পরিস্থিতিতে অশুভ শক্তির বিরুদ্ধে ইরানই একমাত্র প্রতিরোধকারী শক্তি হিসেবে টিকে আছে বলে দাবি করেন বাঘাই এবং তিনি যুক্তরাষ্ট্রকেও কঠোর ভাষায় সমালোচনা করেন।
এম ম/ ৩ মার্চ ২০২৬









